বাবার কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার পর তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।

তার সফর উপলক্ষে সাভার-আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী জাতীয় স্মৃতিসৌধে সমাগম করেছেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত উপচে পড়া ভিড় দেখা গেছে। নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল আয়োজন করেছেন।

নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে র‌্যাব, পুলিশ, বিজিবি এবং আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন, তাই নিরাপত্তার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে, ২৪ ডিসেম্বর রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-২০২) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। বিমান বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন তার শাশুড়ি। বিমানবন্দর থেকে বের হয়ে লাল-সবুজ রঙের বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান। সেখানে ১৬ মিনিটের বক্তব্যের পর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান এবং শেষপর্যন্ত গুলশানের বাসভবনে সপরিবারে পৌঁছান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন