বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, পুড়ে মরলো ৮ বছর বয়সী শিশু


লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কীটনাশক ব্যবসায়ী বেলাল চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বছর বয়সী তার ছোট মেয়ের মৃত্যু হয়েছে এবং আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলাল চৌধুরী নিজেও এই ঘটনায় আহত হয়েছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা টিনশেড ঘরটির দরজা বাইরে থেকে আটকে দেয় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বেলালের আট বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার সঞ্জু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার অন্য দুই মেয়ে—১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতি এবং ১৪ বছর বয়সী সামিয়া আক্তার বিথি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তারা ঘর থেকে একজনের মরদেহ এবং তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন, যাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন দগ্ধ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার সঠিক তদন্ত এবং এর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

















