parbattanews

বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না : নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি ছাড়া অন্যকোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে।’

শনিবার (২৭ ডিসেম্বর) গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি, এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখতে পাবেন, বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি, তিনি কথা দিলে কথা রাখেন।

তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা আমরা প্রকাশ্যে বলব না।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে।

নুরুল হক নুর বলেন, ‘আমার ব্যক্তিগত প্রাপ্তি বা আমার দল কয়টি আসন পেল এসব আমাদের কাছে মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘অচিরেই দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দেবেন। গলাচিপা-দশমিনার বিএনপির সব নেতাকর্মী নুরুল হক নুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

Exit mobile version