সিনিয়র রিপোর্টার:
খুব ছোটবেলায় স্কুলে বিতর্ক প্রতিযোগিতা দেখে মনে হতো যে এরা এতোকিছু জানে কিভাবে। তখন বিতর্কের প্রতি খুব একটা আগ্রহ ছিলনা। বিতর্কের সাথে না জড়ালেও সময়ের পালাক্রমে বিতর্কের প্রতি দুর্বল হয়ে পড়লাম। স্কুল কিংবা টিভিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু হলেই মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতাম।
শুক্রবার সকালে মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাব আয়োজিত ক্ষুদে বিতার্কিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই বিতর্কের সাথে নিজের জড়িয়ে যাবার গল্প শোনালেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি।
মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান ভুইয়া‘র সভাপতিত্বে ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. কেফায়েত উল্যাহ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের ট্রেজারার সাগর চক্রবর্তী কমল প্রমূখ বক্তব্য রাখেন।
বিতর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার উপর গুরুত্বরোপ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি বলেন বিতর্ক অনেক বড় একটি প্লাটফর্ম। এ প্লাট ফর্মে নিজেকে তুলে ধরার সুযোগ থাকে। তিনি ক্ষুদে বিতার্কিকদের সমাজ বদলের যোদ্ধা দাবি করে বলেন, বিতর্ক মেধা ও মননের বিকাশ ঘটায়। মাটিরাঙ্গার মতো মফস্বলে ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা ও বিতর্ক চর্চায় অবদান রাখায় মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বিতর্ক বিকাশে খুব সহসাই মাটিরাঙ্গায় আন্ত:জোন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার ঘোষণা দেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে দুই দিনব্যাপী বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান ভুইয়া। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য আলী হায়দান শিহাব ও তানিয়া আকতার প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি সহ অন্যরা ক্ষুদে বিতার্কিকদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক উপভোগ করেন। বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় ক্ষুদে বিতার্কিক সামিহা রহমান ও তাসনিমা বিনতে ইমাম।
