মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টির মধ্যে সবক’টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রসীত বিকাশ খীসা হাতি প্রতীকে ৭ হাজার ৬’শ ৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা পেয়েছেন ২ হাজার ৮’শ ৪৬ ভোট। এমনকি লক্ষীছড়ির একটি কেন্দ্রেও জয় পায়নি আওয়ামী লীগের নৌকা প্রতীক।
প্রায় ৪ হাজার ৮’শ ২৬ ভোটের ব্যবধানে এগিয়ে ইউপিডিএফ’র প্রার্থী এগিয়ে রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান ফলাফল আসার সাথে সাথে সকলকে জানিয়ে দেন।
অপর দিকে লঙ্গল প্রতীকে সোলেয়মান শেঠ পেয়েছেন ১’শ ৫২ ভোট, টেবিল প্রতীকে উজ্জ্বল স্মৃতি চাকমা পেয়েছেন ৩৮ ভোট এবং বই প্রতীকে মৃনাল কান্তি ত্রিপুরা পেয়েছেন মাত্র ২৭ ভোট।
লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৫ হাজার ৯’শ ৫ জন। এর মধ্যে ভোট পরেছে ১০ হাজার ৭’শ ৩ ভোট। বাতিল ভোট ৩’শ ৩৪টি। সদর এলাকার কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট বাড়লেও উপজাতীয় অধ্যুষিত এলাকায় ভরাডুবি হয়েছে। কোন কেন্দ্রেই বিজয়ী হতে পারেনি নৌকা প্রতীক।
প্রধান বিরোধীদল নির্বাচনে ভোট বর্জন করলেও এই আসনে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য শান্তি চুক্তিবিরোধী গ্রুপ ইউনাইটেড পিপল্স ডেমেক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ভোটের হিসাব-নিকাশ।
তবে কিছু কিছু ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে এখানকার উপজাতীয় ভোটাররা জাতীয় রাজনীতির ধারা থেকে বিচ্ছিন্ন রয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।