parbattanews

‘বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

রবিবার (১৫ মার্চ) দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিকও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত ও ইলেকট্রনিক নজরদারিতে দেখা গেছে অভিযুক্তরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিলেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধসংক্রান্ত ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি চালানোর সময় এসব কনটেন্ট শনাক্ত করা হয়। তদন্তে দেখা গেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে তারা এ ধরনের তথ্য প্রচার করছিলেন।

Exit mobile version