রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে জানমালের ক্ষতি না হলেও পরিবারের আসবাবপত্র ও নগদ টাকাসহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, গভীর রাতে যখন পরিবারের সবাই ঘুমে মগ্ন ছিলেন, তখন হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
বাড়ির সদস্য বিথী আক্তার জানান, গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
পরিবারের আরেক সদস্য পারভীন আক্তার জানান, তিনি ঘুম থেকে জেগে প্রথমেই রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঘরের ভেতর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।
ভুক্তভোগী পরিবারটি জানায়, ঘরে থাকা নগদ টাকা, জরুরি কাগজপত্র ও মূল্যবান আসবাবপত্রের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের প্রচণ্ডতায় কোনো কিছু বুঝে ওঠার আগেই বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জীবন বাঁচাতে পরনের এক কাপড়ে কোলের শিশুদের নিয়ে কোনোমতে ঘর থেকে বেরিয়ে আসেন তারা। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এই নিঃস্ব পরিবারটি।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর প্রাথমিক প্রচেষ্টার পর সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন। তাদের এই তড়িৎ পদক্ষেপে আগুন আশেপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
আকস্মিক এই দুর্ঘটনায় কাসেম মেম্বারের পরিবারটি এখন সহায়-সম্বলহীন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের জরুরি সহায়তা ও স্থানীয় বিত্তবানদের সাহায্য কামনা করা হয়েছে।
