বিলে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু


মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের বিলে পদ্ম ফুল তুলতে গিয়ে একই পরিবারের তিন ভাইয়ের চার মেয়ের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইশাদুলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম (১৪), শামাদুলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও আছিয়া (১১) এবং শাহারুলের মেয়ে আলসিয়া (১০)
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মশুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায় ওই চার স্কুলছাত্রী। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিলে খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখে মিম আক্তারকে। পরে আশপাশের লোকজন এসে বিলের পানিতে তলিয়ে যাওয়া দুই আপন বোন আফিয়া ও ফাতেমাকে উদ্ধার করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ডুবে যাওয়া আলিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার শামিম হোসেন জানান, শাপলা ফুল তুলতে গিয়ে চারজন বিলে ডুবে যায়। স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে। একজনকে খুঁজে না পেলে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌছে বিলের একটি গর্তের মধ্যে থেকে বাকি জনের মরদেহ উদ্ধার করা করি।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

















