parbattanews

বিশ্বকাপের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। এ সময় একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, আজ ১১ জুন বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ভিড় জমাতে শুরু করেছেন রেকর্ড ৪৮টি দল এবং লক্ষ লক্ষ সমর্থক। তিনটি দেশের যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ। আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ।

টুর্নামেন্টের উদ্বোধন হবে বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। সহ-আয়োজক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় স্বাগতিক হয়ে কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার ভোরে, বাংলাদেশ সময় সকাল সাতটায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকেরা। তার আগে ভোর সাড়ে পাঁচটায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ছয় সপ্তাহব্যাপী এই বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই নিউ জার্সির ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।

Exit mobile version