চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে। একের পর এক অসাধারণ পারফরম্যান্সে তিনি এখন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির গড়া একাধিক অ্যাসিস্টের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে।
ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি সম্প্রতি ওলিসের প্রশংসা করে বলেন, “কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হন, তাহলে এই মুহূর্তে ওলিসেই দলের মোস্ট ইমপর্ট্যান্ট প্লেয়ার।”
বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে চলতি আসরে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা পাঁচে উন্নীত করেছেন ওলিসে। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন, যেখানে রয়েছেন পেলে, দিয়েগো ম্যারাডোনা, থমাস হাসলারের মতো কিংবদন্তিরা।
পরিসংখ্যান প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলে এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। ফলে শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামলে সেই রেকর্ড স্পর্শ কিংবা ভেঙে দেওয়ার সুযোগ থাকবে ওলিসের সামনে।
শুধু বিশ্বকাপেই নয়, মৌসুমজুড়েও ইতিহাস গড়ার পথে রয়েছেন এই ফরাসি তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৩২।
এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের যৌথ রেকর্ড রয়েছে লিওনেল মেসি ও হুয়ান মাতার। আর মাত্র দুটি অ্যাসিস্ট করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন ওলিসে। তিনটি অ্যাসিস্ট করতে পারলে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়বেন তিনি।
