ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

fec-image

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় মহাসড়কে যাত্রীবাহী কোচ ও ভারী কংক্রিট গার্ডারবোঝাই ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সূত্র জানায়, নিহতদের মধ্যে নয়জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল বলে জানিয়েছে জিও নিউজ।

ইধি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করা এবং আহতদের দ্রুত হাসপাতালে নিতে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়ে-এর কাঠোর এলাকায় তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উদ্ধার কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে পড়ে যান। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত কোচটি ঘটনার সময় সড়কের উল্টো পাশে চলছিল।

এ ঘটনায় গাদাপ থানায় রাষ্ট্রের পক্ষে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। এতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এফআইআর অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলার ও অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাথমিক সংঘর্ষের পর উল্টো দিক থেকে আসা বাস ও আরেকটি যানবাহন উল্টে যায়। ঘটনাস্থলেই ট্যাংকারচালক নিহত হন এবং অন্য যানবাহনের চালক ও যাত্রীরাও প্রাণ হারান।

সূত্র: জিও নিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন