ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

ভারতের গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে উত্তর গোয়ার আরপোরা এলাকার ক্লাবটিতে আগুন লাগে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, হতাহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। খবর এএফপি।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরার ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো জানান, মৃতদের মধ্যে তিনজন মারাত্মক দগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরোধে মারা গেছেন। সাংবাদিকদের তিনি বলেন, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক ছিলেন।
সৈকত, প্রাণবন্ত নাইটলাইফ ও পর্যটনের জন্য বিশ্বখ্যাত গোয়ায় প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ভিড় জমায়। তবে দুর্বল নির্মাণব্যবস্থা, অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাবিধি উপেক্ষার কারণে ভারতে এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।
স্থানীয় গণমাধ্যম ও পুলিশের প্রাথমিক ধারণা, ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো জানান, রাতভর দমকল ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েছে। অনুরূপ বিনোদনকেন্দ্রগুলোতে শিগগিরই অগ্নিনিরাপত্তা অডিট করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

















