ভারতের বিপক্ষে দাপুটে জয়, ফাইনালে বাংলাদেশ


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-০ গোলে পরাজিত করে লাল-সবুজের মেয়েরা।
ক্রিকেটে যখন বাংলাদেশ-ভারতের লড়াই চলমান, তখন ফুটবলের মাঠে ভারতকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতকে চাপে রাখে বাংলাদেশ।
ম্যাচের ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার গোলেই ম্যাচে নিজেদের আধিপত্য জানান দেয় লাল-সবুজের মেয়েরা। এরপর ৪০ মিনিটে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে বাংলাদেশের পক্ষে।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে রক্ষণভাগের দৃঢ়তায় ভারতকে কোনো সুযোগ না দিয়ে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। চার দল একে অপরের সঙ্গে একবার করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
দুটি ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারত এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট ও (-১) গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান এখনো কোনো পয়েন্ট পায়নি।
আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ভারত ভুটানকে হারালে, বাংলাদেশ নেপালের কাছে হারলে এবং নেপাল ভুটানকে পরাজিত করলে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ফাইনালিস্ট নির্ধারিত হবে।
















