ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে : পাকিস্তানের প্রেসিডেন্ট


পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ভারত বর্তমানে বৈশ্বিক শান্তির জন্য একটি গুরুতর হুমকিতে পরিণত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি এ তথ্য জানায়।
ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জারদারি। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; এটি একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাওয়া সহানুভূতি ও সমর্থনের বার্তা পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে উঠেছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।
পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জারদারি বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতা বলছে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা অবাধে কার্যক্রম পরিচালনার সুযোগ পায়, তখন এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় নিরীহ মানুষকে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে। এমনকি আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তাও প্রদান করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, এসব কর্মকাণ্ড সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

















