মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:
খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের মানিকছড়িস্থ ধসে পড়া ব্রিজ সংলগ্ন দু’পাড়ের যাত্রী পারাপারে নির্মিত অস্থায়ী সাঁকোটি ভারী বর্ষণে ভেঙ্গে গেছে। ফলে দু’ পাড়ের শতশত যাত্রী আটকা পড়েছে।
সরজমিনে দেখা গেছে, গত ৬ জুন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির বেইলী ব্রিজ ধসে পড়লে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে দু’পাড়ের যাত্রীদের পায়ে হেঁটে চলাচলের জন্য ২৯ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে নদীতে সাঁকো তৈরী করা হয়। কিন্তু গত ১২ ঘন্টার ভারী বর্ষণের ফলে উক্ত সাঁকোটি ভেঙ্গে যায়। এতে ভোর থেকে দ’ুপাড়ের যাত্রীরা আটকা পড়ে। ফলে চরম দূর্ভোগ বাড়তে থাকে।
সকাল ৯ টায় ইউএনও সনজিদা শরমিন ও ২৯ আনসার ব্যাটালিয়নের সি,ও মো. মইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভেঙ্গে যাওয়া সাকোঁটি মেরামতের জন্য ব্যবস্থা নেন। এ সময় ধসে পড়া ব্রিজ নির্মাণ প্রতিষ্ঠান মনিকো লিঃ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঁকোটি মেরামতে আনসার সদস্য ও মনিকোর শ্রমিকদের কাজ করতে দেখা গেছে।
-ফাইল ছবি
