ভোটকেন্দ্র দখল করলে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো : নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। তিনি বলেন, কোনো হুমকিকে ভয় পাই না। ঢাকা-১৯ আসনের সাভার-আশুলিয়ার মানুষ কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না। আমরা চাই পরিবর্তন হোক। বাংলাদেশে আবার কোনো আধিপত্যবাদী রাজনীতির সংস্কৃতি তৈরি করতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভার পৌর এলাকার চাপাইন রোড়ে জাবাল-ই-নূর মাদ্রাসার পাশে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
হাদি হত্যার বিচারের দাবি করে নাহিদ বলেন, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা। এখনো সময় আছে, এই বিচারের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে রুখে দেওয়ার দিন আগামী ১২ই ফেব্রুয়ারি। আমাদের মা-বোনেরা ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি করে ফেলেছেন। আমাদের তরুণ সমাজ গণজোয়ার সৃষ্টি করেছে। তারা সেই গণজোয়ারকে ভয় পাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ অন্যরা।

















