ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না : মির্জা আব্বাস

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে আর খুঁজে পাওয়া যায় না। আমার সেই সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।

রবিবার বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের সাথে কোনো আপস নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন বলেন, মাদকসেবীর সংখ্যা বেড়েই চলেছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরুব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনের এলাকার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এখানকার খেলার মাঠ, বিনোদন পার্ক, ক্লাব সবকিছু রাজনৈতিক দখল মুক্ত করবো। আমি এসব ক্ষোভ থেকেও বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম, সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদেরতো এই এলাকার প্রতি মায়া থাকবে না।

বিএনপির এই সিনিয়র নেতা আক্ষেপ করে বলেন, আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লন্ডভন্ড করে দিয়েছে। শেষ করে দিয়েছে। দখল করা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ এলাকায় আগে মাদক ছিল না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দিবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। মনে রাখতে হবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপস নেই।

মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগরকে জলাবদ্ধতামুক্ত করতে খাল দখলমুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভোট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন