parbattanews

মহালছড়িতে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে কৃষক নিহত

দতকবআ

সিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে ললিত কান্তি চাকমা (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার উপজেলার মাইসছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ললিত কান্তি চাকমা মাইসছড়ির সিংহ মণি চাকমার ছেলে।

নিহত কৃষক ললিত কান্তি চাকমার স্ত্রী গরীবি চাকমা জানান, বুধবার সকাল ৮টার দিকে কলার ছড়া বিক্রি করতে মাইসছড়ি বাজারে যাওয়ার পথে অজ্ঞাত অস্ত্রধারীরা তাকে পেছন থেকে গুলি করে। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মো. মুসা জানান, বিকাল ৩টার দিকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে গুইমারা এলাকায় নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণের কারণে মারা যান ললিত। পরে পরিবারের সদস্যরা ললিতের লাশ নিয়ে বাড়ী ফিরে যান।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেমায়ূন কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ ঘটনায় কে বা কারা জড়িত তা নিশ্চিত করতে পারেননি। খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কেউ মুখ খোলেনি। 

Exit mobile version