parbattanews

মহেশখালীতে আত্মহত্যার চেষ্টার অভিযোগ, যুবক পুলিশ হেফাজতে

কক্সবাজারের মহেশখালীতে একটি ৬তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মহেশখালী থানার পূর্বপাশে অবস্থিত কুতুবউদ্দিনের ৬তলা বিশিষ্ট ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালীর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন ও সাবেক মহিলা মেম্বার নার্গিসের ছেলে মুন্না ভবনের ছাদে উঠে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নিউরনের স্টাফ রিপন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তবে কী কারণে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Exit mobile version