মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকা থেকে মহেশখালী থানার এসআই (উপ-পরিদর্শক) মহসীন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউল আলমের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক রবিউল আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কুতুবজোমের ঘটিভাঙ্গা এবং সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণের মাধ্যমে সরকারি জায়গা দখল করেছেন।
