parbattanews

মহেশখালী শিশুকে ধ/র্ষণের পর হত্যা, ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ শেষে হত্যার লাশ গুমের ঘটনায় দায়ের মামলায় মো. সোলেমান নামের এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন।

এসময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আদালত থেকে হাজতে নেয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

নিহত মাহিয়া (৬) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ’র মেয়ে। সে দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক। “

মামলার বাদী এবং ভিকটিমের পিতা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া গত ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ীর পাশে খেলাধূলা করছিল। এসময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করা হয়। পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মাহিয়ার পিতা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় কার্যকর করা হলো।

Exit mobile version