parbattanews

মাইন বিস্ফোরণে তিন ব্যক্তি নিহতের ঘটনায় ইউপিডিএফ’র উদ্বেগ

২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ফলের বাগানে কাজ করার সময় স্থল মাইন বিষ্ফোরণে তিন বাগানচাষী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ২৫ মে সোমবার ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমার পাঠানো বিবৃতিতে অবিলম্বে নিহতদের পরিবাগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং ওই এলাকাটি ডিমাইনিং করার উদ্যোগ নেয়ারও জন্য ইউপিডিএফ নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি জানিয়েছেন।

২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মাইন বিস্ফোরণে নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়।

মায়ানমার থেকে বিতাড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো এইসব মাইন পুঁতে রাখার জন্য দায়ি হতে পারে মন্তব্য করে বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ‘জনগণের নিরাপত্তা ও জীবন-জীবিকার স্বার্থে সরকারকে অবশ্যই মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পোঁতা থাকলে সেগুলো দ্রুত সরানোর ব্যবস্থা নিতে হবে।’

বিবৃতিতে ইউপিডিএফ ইতোপূর্বে মায়ানমার সীমান্তে বেশ কয়েকবার মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও ডিমাইনিংয়ের জরুরি পদক্ষেপ না নেয়ায় সরকারের সমালোচনা করে এবং মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়।

Exit mobile version