খাগড়াছড়ির মাটিরাঙ্গা ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার ১১ এপ্রিল, মাটিরাঙ্গা উপজেলা চত্বরে অনুষ্ঠিত উৎসব উপলক্ষে সকালে ত্রিপুরা তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও বিভিন্ন প্রতীকী উপকরণ, যা উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল গড়িয়া নৃত্য, সংস্কৃতি নৃত্য, হজাগরি ও বোতল নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ করে ঐতিহ্যবাহী নৃত্যগুলো দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, বৈসু উৎসব শুধু একটি উৎসব নয়, এটি ত্রিপুরা জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
