মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা


পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে মাটিরাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দায়িত্ব) মো. আনিছুর রহমান।
মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স শাহিন স্টোরকে ৩ হাজার টাকা এবং পণ্যে উৎপাদনের তথ্য-সংবলিত লেবেল না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে সুজন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিলাপিতে হাইড্রোজ (অননুমোদিত রাসায়নিক উপাদান) ব্যবহার করার দায়ে কুমিল্লা ঝাল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৩ ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মাটিরাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই তরুণ মজুমদারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে আনিছুর রহমান বলেন, জিলাপিতে হাইড্রোজসহ কোনো ধরনের অননুমোদিত রাসায়নিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। খাদ্যপণ্যে কোনো প্রকার ক্ষতিকর বা অনুমোদনবিহীন কেমিক্যাল ব্যবহার করা যাবে না। তিনি ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

















