মাটিরাঙ্গা প্রতিনিধি:
গত কয়েকদিনের টানা বর্ষণে হঠাৎ করেই কাঁচা মরিচের বাজারে আগুন ধরেছে। এক সপ্তাহের ব্যাবধানে কাঁচা মরিচের দাম হু হু করে বেড়ে গেছে । ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ২০০ টাকা কেজি কিনতে হচ্ছে। শুক্রবার পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার ঘুরে স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে ।
শুধু কাঁচা মরিচ নয় মাটিরাঙ্গা বাজারে কাঁচা সবজির বাজারেও সমভাবে আগুন লেগেছে। সবকিছুই যেন সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। মাটিরাঙ্গার বিভিন্ন হাট-বাজারে এক কেজি বেগুন কিনতে হচ্ছে ১০০টাকা কেজি ধরে। আর এক কেজিরও কম ওজনের একটি লাউযের দাম ৯০ থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০টাকা। অন্যদিকে পটলসহ অন্যান্য সবজির দামও একই।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছরই বর্ষাকালে এমনটি হয়ে থাকে। এবারের টানা ভারী বর্ষণের ফলে মরিচ ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাই পণ্যের দাম দ্বিগুন বেড়েছে। মাটিরাঙ্গা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতারা বলেন, পণ্যের সরবরাহ থাকলে দামও নাগালের মধ্যে থাকে।
অন্যদিকে বাজারে এসে দাম শুনেই আতকে উঠেন সাধারণ ক্রেতাগন। স্থানীয় বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বাড়ে যাওয়ায় মধ্য ও নিম্ম-মধ্যবিত্তদের ভোগান্তি বেড়েছে কয়েকগুন। তাদের অনেকেই পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাবসায়ীদের যোগসাজগ আছে বলে মনে করেন।
