parbattanews

মাটিরাঙ্গায় তাজু-দেলোয়ার-হাসিনা’র আনুষ্ঠানিক পথচলা শুরু

22.04.2014_Matiranga Chairman NEWS Pic

মুজিবুর রহমান ভুইয়া :

শপথ গ্রহণের ২৬ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক কর্মকান্ড শুরু করলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু। জীবনের প্রথম নির্বাচনেই গেলবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক-কে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সাথে সহযোগী হিসেবে তিনি পেয়েছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ও  মিসেস হাসিনা বেগমকে।

দুই ভাইস চেয়ারম্যানও প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন। এরমধ্যে নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম নির্বাচনে এবারই প্রথম আর পুরুষ ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন গেলবারের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।  

মঙ্গলবার কর্মদিবসের শুরুতেই নবনির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেন। সেখানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেয়া তার প্রথম বক্তব্যে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, কারো একার পক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ প্রদান করেন। তিনি যেকোন অন্যায় তদবিরের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, কোন অন্যায়কে আমি কখনো সমর্থন করিনা।

মঙ্গলবার সকালে প্রথম কার্যদিবসে অফিসে এসেই শুভাকাঙ্ক্ষী আর দলীয় সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হন উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু। ২৭ ফেব্রুয়ারী নির্বাচনে বিজয়ী মো: তাজুল ইসলাম তাজু ২৭ মার্চ শপথ গ্রহণ শেষে আজ মঙ্গলবার তার দুই সহযাত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলেন। আর একারণেই উপজেলা পরিষদ চত্বর অনেকটা উৎসবমুখর।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছার জবাবে মো: তাজুল ইসলাম তাজু বলেন, মাটিরাঙ্গা উপজেলা জেলার মধ্যে সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত সবচেয়ে বড় উপজেলা। স্বভাবত কারণেই এখানে সমস্যাও অনেক বেশী। জনগণের মতামতের ভিত্তিতে শিক্ষা, অবকাঠামো সহ সর্বাগ্রে উন্নয়ন পরিকল্পনা অব্যাহত থাকবে। মাটিরাঙ্গা উপজেলাকে আধুনিক চিন্তার সমন্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথা জানিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এখানে সকল জনগোষ্ঠির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা হবে বলেও জানান নবনির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু।

এক প্রশ্নের জবাবে মো: তাজুল ইসলাম তাজু বলেন, বাঙ্গালী-পাহাড়ী সব জনগোষ্ঠীর মানুষের মূল্যবান রায় এবং অকুন্ঠ সমর্থনই আমাকে বিপুল ভোটে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী করেছে। আমি এজন্য বরাবরই মাটিরাঙ্গার জনগণের কাছে কৃতজ্ঞ। তিনি উপজেলা পরিষদের সেবামূলক সকল কার্যক্রম দল-মত নির্বিশেষে সকলের দোড়গোড়ায় পৌছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version