নির্বাচনের তিন মাস পেরুলেও এখনও নির্বাচনী দায়িত্ব পালনরে সরকারী ভাতা পায়নি পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গ্রাম প্রতিরক্ষা দল-ভিডিপি‘র সদস্যরা। এনিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর যেকোন সময় এ ক্ষোভ বিক্ষোভেও রূপ নিতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, গেল বছরের ১৮ নভেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনকে সূষ্ঠ ও নির্বিঘ্ন করতে ইউনিয়নের ৯ কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ছাড়াও প্রায় ১৫৩জন আনসার/ভিডিপি সদস্যসহ প্রায় ৫ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে।
নিয়মানুযায়ী নির্বাচন শেষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী দায়িত্ব পালনকারী সকলে স্ব-স্ব ভাতা পেলেও দীর্ঘ তিন মাস পেরুলেও নির্বাচনী ভাতা পাননি আনসার-ভিডিপি‘র সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি‘র একাধিক সদস্য অভিযোগ করে বলেন, বিভিন্ন প্লাটুনের ভিডিপি সদস্যের নিকট থেকে নির্বাচনী দায়িত্ব পাওয়ার জন্য ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা, কোন কোন সদস্য থেকে ৪০০ টাকা পর্যন্ত উপরি হিসেবে গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অরুপ কুমার বড়ুয়া। আর আনসার-ভিডিপি সদস্যদের কাছ থেকে এ অবৈধ অর্থ আদায় করেন ভিডিপি‘র মাটিরাঙ্গা ইউনিয়ন কমান্ডার (ভিডিপি‘র পিসি) মো: শহীদুল্লাহ কবীর।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বে নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার জন্য আগে উপরি (ঘুষ) লেনদেনের প্রথা চালু না থাকলেও অরূপ কুমার বড়ুয়া মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করার পর আর্থিক দুর্নীতির এমন প্রচলন শুরু করেন। যা ইতিমধ্যে মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি বিভাগে ডাল-পালা মেলতে শুরু করেছে।
মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অরূপ কুমার বড়ুয়া‘র চাহিদা অনুযায়ী টাকা না দিলে নির্বাচনী দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া যায়না উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্রটি বলেন, এক রকম বাধ্য হয়েই তারা টাকা জমা দিয়েছিলেন নির্বাচনী দায়িত্ব পালন করে বাড়তি কিছু টাকা উপার্জনের জন্য। কিন্তু তিন মাস শেষ হয়ে গেলেও এখনও ভাতার টাকা না পেয়ে ক্ষুদ্ধ আনসার-ভিডিপি‘র সদস্যরা।
অন্যদিকে উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব এনামুল হক (বাজেট ও অর্থ) নির্বাচন কমিশন, ঢাকা‘র বরাত দিয়ে জানিয়েছেন, সচিবালয়ের স্বারক নং-৪১ অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারী ২০১৫ তারিখে বরাদ্দকৃত অর্থ আনসার-ভিডিপি‘র বরাবর ছাড় করা হয়েছে। একমাস পূর্বে অর্থ ছাড় করা হলেও রহস্যজনক কারণে মাটিরাঙ্গা উপজেলার আনসার-ভিডিপি‘র সদস্যরা আজো ভাতার অর্থ পায় নি।
আর্থিক লেনদেন সহ ভিডিপি সদস্যদের কাছ থেকে উপড়ি গ্রহণের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা ইউনিয়ন আনসার/ভিডিপির পিসি ও ৬নং সদর প্লাটুনের এপিসি মো: শহিদুল্লাহ কবীর ভিডিপি সদস্যদের কাছ থেকে নিজে উপরি আদায়ের কথা অস্বীকার করে বলেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দায়িত্ব পালন করি নি।
বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পাওয়ার জন্য অবৈধ উপায়ে টাকা আদায়ের অভিযোগটি অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অরূপ কুমার বড়ুয়া বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ দিতে নগদ অর্থ লেনদেনের মতো কোন ঘটনা ঘটে নি। তিন মাস পেরুলেও নির্বাচনী দায়িত্ব পালনের ভাতা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে বরাদ্দ না পাওয়ায় এখনও আনসার-ভিডিপি‘র সদস্যদের ভাতা প্রদান সম্ভব হয় নি।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মণিরুজ্জামান বকাউল জানান, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দায়িত্ব পালনকারী সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টাকা নির্বাচন কমিশন কর্তৃক পরিশোধ করা হয়েছে। তবে আনসার-ভিডিপি‘র সদস্যরা ভাতা পায়নি এমন তথ্য আমার জানা নেই।
