মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত


এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় জোন সদর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুন খান।
সভায় আইনশৃঙ্খলা, ফেসবুকে ফেক আইডি, মাটিরাঙ্গা বাজারের ফুটপাত দখল, অগ্নিনির্বাপক, নির্বাচনী প্রচারণা, শিক্ষা ও স্বাস্থ্য, মাটিরাঙ্গা কলেজের অনিয়ম ও হাইস্কুলের শিক্ষা ব্যবস্থা, রিছাং ঝর্ণা ও পর্যটন নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া, কৃষি ব্যবস্থাপনা, ধর্মীয় নিরাপত্তা, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয় আলোচনা করা হয়।
মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে জোন অধিনায়ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আছে এবং যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সব সময় প্রস্তুত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক শাহরিয়ার, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, জেলা পরিষদ সদস্য মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সায়েম মুকুট, উপজেলা জামায়াত আমির আক্দুল জলিল, পৌর সাধারণ সম্পাদক আবু বক্কর, হেফাজতে ইসলাম প্রতিনিধি ও কেন্দ্রীয় মসজিদের খতিব হারুন অর রশিদ, নাগরিক কমিটির প্রতিনিধি নুর আলম, মাটিরাঙ্গা কলেজ প্রতিনিধি এরশাদ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, বন বিভাগ প্রতিনিধি, বিভিন্ন মৌজার হেডম্যান, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ শাহেদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হারুন অর রশিদ, গুইমারা থানা ইনচার্জ সোহরওয়ার্দী ও মাটিরাঙ্গা আনসার ভিডিপি প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

















