parbattanews

মাঠের বাইরেও বিশ্বকাপ মাতাচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী

ছবি সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্কে ফুটবল উন্মাদনা এখন শুধু মাঠেই সীমাবদ্ধ নয়; শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। সাধারণ দর্শকদের জন্য সহজ যাতায়াত, স্বল্পমূল্যের টিকিট এবং উন্মুক্ত স্থানে খেলা দেখার নানা আয়োজনের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের বাইরেও তিনি যেন নিজের মতো করে একটি ‘বিশ্বকাপ’ জিতে নিচ্ছেন।

বিশ্বকাপ ঘিরে নিউইয়র্ক এখন বিশ্বের অন্যতম প্রাণবন্ত ফুটবল নগরীতে পরিণত হয়েছে। হাডসন রিভার পার্কে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচ দেখতে হাজারো দর্শকের সমাগম, টাইমস স্কয়ারে জার্মানি ও ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাস এবং শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয়দের মতে, এই উৎসবমুখর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেয়র জোহরান মামদানী। একজন রাজনীতিকের পাশাপাশি ফুটবলপ্রেমী হিসেবেও তিনি নিজেকে সমর্থকদের কাছে তুলে ধরেছেন এবং বিশ্বকাপকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নিয়েছেন।

ফিফার টিকিট নীতি নিয়ে আলোচনা চলাকালে নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারের বিশেষ টিকিট লটারির ব্যবস্থা করেন মামদানী। পাশাপাশি স্টেডিয়ামে পানির বোতল বহনে নিষেধাজ্ঞার মতো বাণিজ্যিক সিদ্ধান্তেরও প্রকাশ্যে সমালোচনা করেন তিনি।

এ ছাড়া মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ট্রেনের ভাড়া ১৫০ ডলার নির্ধারণ করা হলে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে সমন্বয় করে মাত্র ২০ ডলারে শাটল বাস চালুর উদ্যোগ নেন মেয়র।

অভিবাসন ইস্যুতেও ব্যতিক্রমী বার্তা দিয়েছেন মামদানী। এক ভিডিও বার্তায় তিনি নিউইয়র্ককে ‘অভিবাসীদের শহর’ হিসেবে উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের উদ্দেশে বলেন, ‘ওয়েলকাম হোম।’

মামদানীর জনপ্রিয়তার সঙ্গে ক্রীড়াঙ্গনে তাঁর পছন্দের দলগুলোর সাম্প্রতিক সাফল্যেরও মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। আর্সেনালের সমর্থক এই মেয়রের প্রিয় ক্লাব দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। একই সময়ে তাঁর প্রিয় বাস্কেটবল দল নিউইয়র্ক নিক্সও ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় করেছে।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের প্রতিষ্ঠাতা জুল রিমের বৈশ্বিক সম্প্রীতির যে স্বপ্ন ছিল, নিউইয়র্কে বিশ্বকাপ আয়োজন ঘিরে জোহরান মামদানীর উদ্যোগে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। মাঠের বাইরেও ফুটবলকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার প্রচেষ্টার কারণে তিনি এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

সূত্র: দ্য গার্ডিয়া

Exit mobile version