মাদকমুক্ত টেকনাফ গড়তে চাই : শাহজাহান চৌধুরী

fec-image

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসন থেকে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং স্থানীয় জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, হিংসা-বিদ্বেষের রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে। এই মাটিতে চাঁদাবাজির কোনো স্থান নেই। যারা মাদক ব্যবসা, অপহরণ ও মানবপাচারের মতো জঘন্য অপরাধে জড়িত, তারা এখনই দল থেকে সরে যান। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপরাধী পার পাবে না।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফ এজাহার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল চারটায় উপজেলা বিএনপি আয়োজিত ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আদর্শ জনপদ গড়ার অঙ্গীকার একটি নিখুঁত উখিয়া-টেকনাফ গড়ার স্বপ্ন ব্যক্ত করে তিনি বলেন, মাদকমুক্ত টেকনাফ ও বৈধ ব্যবসার প্রসারের লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দলের ভেতর নতুন ও স্বচ্ছ নেতৃত্ব সৃষ্টি করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ টেকনাফ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তিনি প্রতিটি গ্রামে ‘মসজিদ ভিত্তিক সালাত কমিটি’ গঠনের ঘোষণা দেন। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। প্রকৃত যাচাই-বাছাই ছাড়া কারো মানহানি ঘটে এমন সংবাদ পরিহার করুন। একটি সুন্দর সমাজ গঠনে আপনাদের সহযোগিতা আমার সবচেয়ে বেশি প্রয়োজন।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন-এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার ​জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, ​উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, ​উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসেম, ​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম প্রমুখ।

​পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন টেকনাফ উপজেলা ওলামাদলের সহ-সভাপতি মোহাম্মদ জুবাইর। ইফতার মাহফিলে প্রধান অতিথিসহ প্রায় আড়াই হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন