পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসার সাথে সাথে খাগড়াছড়ির মানিকছড়িতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান বাজার ও ছোট-বড় দোকান গুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন সব বয়সী মানুষ।
ঈদের কেনাকাটা করতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শহরের প্রধান প্রধান মার্কেট, পোশাকের দোকান, জুতার দোকান, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি।
দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মানিকছড়ি বাজারের এক ক্রেতা জানান, “গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবে কালেকশন ভালো হওয়ায় বাজেটের মধ্যেই কেনাকাটা করার চেষ্টা করছি।”
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে কাপড়ের দাম বাড়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। তবে তারা আশা করছেন, চাঁদ রাত পর্যন্ত বিক্রির এই ধারা অব্যাহত থাকবে।
আসন্ন ঈদকে কেন্দ্র করে মানিকছড়ির ব্যবসায়ীদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। উৎসবের আমেজ এখন গোটা উপজেলায়।
