ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান গোপনে চীনের একটি গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি ও লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বাড়িয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা চিহ্নিত ও পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই গোয়েন্দা তথ্য ইরানকে যুক্তরাষ্ট্রের অবস্থান শনাক্ত এবং সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে অতিরিক্ত সুবিধা দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটি আরও জানায়, এতে ইরানের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা, বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে, ক্রমেই জোরদার হয়েছে।
এই উন্নত নজরদারি সক্ষমতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
