parbattanews

মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

নিজেদের আকাশসীমায় ওড়া যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার তারা জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন সময়ে উত্তেজনা বাড়ছে যখন, ওয়াশিংটনের মিত্র সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আইআরজিসির দাবি, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজের বিবৃতি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি করে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা আরকিউ-৪ ড্রোন এবং এফ-৩৫ ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এর আগে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার দাবি করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না।

চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মোজতবা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হবে না।’ মোজতবা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও তাদের বাহিনী দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোর ওপর হামলা চালিয়েছে।

ইরান এখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন হামলার কথা নিশ্চিত করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণাঞ্চলের নগরী বন্দর আব্বাসে কয়েক দফায় বিস্ফোরণের খবর দিয়েছে। কিন্তু সেগুলোর উৎস সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

Exit mobile version