parbattanews

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে যে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার ( ১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভায় এমন হুশিয়ারি দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেছেন এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশ্‌ত করা হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।

প্রতিমন্ত্রী সভায় পাঁচ দফা নির্দেশনা প্রদান করে বলেন, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্র (NID)ধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।

ববি হাজ্জাজ বলেন, কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি প্রদান করা যাবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। মিড-ডে মিল কার্যক্রমের মান ও গুণগতমান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ATEO) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (DPEO) প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট “গার্ডিয়ান কমিটি” গঠন করা হবে। এ কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় প্রতিমন্ত্রী পরবর্তীতে মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশ্‌ত করা হবে না। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Exit mobile version