মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

fec-image

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ডেকে এনে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়।

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, গত রোববার সকালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা আফনান। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গুলিটি মস্তিষ্কের সংবেদনশীল স্থানে আটকে থাকায় সেটি এখনও বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আফনানের চিকিৎসক ও চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান হারুন অর রশিদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পররাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন