কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৭০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (২ জুন) বঙ্গোপসাগরে নিয়মিত টহল পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
নৌবাহিনীর নিয়মিত টহল জাহাজ সেন্টমার্টিন লাইটহাউস থেকে ১৯ মাইল দূরে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামের দুটি কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক দেখতে পায়। পরে নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে বোট দুটিকে আটক করে। তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এ সময় বোটের সাথে থাকা ২০ জন পাচারকারীকে আটক করা হয়।
নৌবাহিনীর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় যে, অধিক মুনাফা লাভের আশায় এই সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
