বিশ্বফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
খেলা শুরুর ৯০ মিনিট আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন চারবারের গ্র্যামি জয়ী শাকিরা, কলম্বিয়ান তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলা।
এস্তাদিও আজতেকা শুধু একটি স্টেডিয়াম নয়, ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীকী ভেন্যু। ১৯৮৬ বিশ্বকাপে এখানকার দর্শকদের হাত ধরেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় বিখ্যাত ‘মেক্সিকান ওয়েভ’। প্রায় ৮০ হাজার দর্শকের গর্জন প্রতিপক্ষের জন্য সবসময়ই বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
তবে গ্যালারির চাপ নিয়ে ভাবছে না দক্ষিণ আফ্রিকা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাফানা বাফানাদের কোচ হুগো ব্রুস বলেন, “এটি আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের কৌশলে অটল থাকা এবং গ্যালারিতে কী ঘটছে, সেদিকে মনোযোগ না দেওয়া।”
ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতিও। আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার গোলের জবাব দিয়েছিলেন মেক্সিকোর রাফায়েল মার্কেজ। কাকতালীয়ভাবে, সেই মার্কেজ এবার মেক্সিকোর সহকারী কোচ হিসেবে থাকছেন ডাগআউটে।
এস্তাদিও আজতেকা বিশ্বে প্রথম স্টেডিয়াম হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের ইতিহাস গড়তে যাচ্ছে। এই মাঠেই ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন।
ফিফা র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা মেক্সিকো দারুণ ছন্দে রয়েছে। শেষ আট ম্যাচে অপরাজিত দলটি ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায়। অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা ৬০তম র্যাংকিংয়ের দক্ষিণ আফ্রিকা অঘটনের স্বপ্ন দেখছে। যদিও ভিসা জটিলতায় মেক্সিকোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি আফ্রিকান দলটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে মেক্সিকোর দুটি ও দক্ষিণ আফ্রিকার একটি জয় রয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। গ্রুপ ‘এ’-এর উদ্বোধনী এই লড়াইয়ে স্বাগতিকরা জয়ের ধারা ধরে রাখতে পারে কি না, নাকি দক্ষিণ আফ্রিকা নতুন চমক দেখায়, সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।
