যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে : রিজওয়ানা


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। তিনি বলেন, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে। গণভোটে যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা দরকার এই সমাজে সে ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা এই ভোটের বড় একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।
তিনি বলেন, সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো।
তিনি আরও বলেন, এখনো কিন্তু ভয় দেখানো হচ্ছে। এই যে ভয়, এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয় জয় করেছে সুতরাং এইবারও আমরা জয় করব এবং তরুণেরা আমাদের জন্য যে আত্মাহুতি দিয়েছে, যে আত্মবিসর্জন দিয়েছে, সংস্কারের পথটাকে বেছে নিয়ে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে সামনের ১২ই ফেব্রুয়ারি যে গণভোট, সেই ভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো।

















