parbattanews

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ।

রাষ্ট্রদূত জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ আমন্ত্রণে এবং ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবির ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছে তেহরান। তবে আলোচনার পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলের বর্তমান সরকার বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে যুদ্ধাবসান নিয়ে ইরানের সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান। এরপর মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠায় ওয়াশিংটন। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে চলতি এপ্রিলের শুরুতে একটি সংশোধিত প্রস্তাব আবারও তেহরানে পাঠানো হয়।

নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধে দুই ধাপের একটি পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে।

Exit mobile version