parbattanews

যুদ্ধের ক্ষত নিয়েই ইরানে ঈদুল আজহা উদযাপন

যুদ্ধের ক্ষত, আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইরানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) দেশজুড়ে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিশেষ ঈদ জামাতের আয়োজন করা হয়। সকালে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন। মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হওয়ায় দিনটি ইরানে সরকারি ছুটি হিসেবে পালিত হয়।

রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। জামাতে রাজনৈতিক, সামরিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।

নামাজ শেষে দেশজুড়ে মসজিদগুলোতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এবারের ঈদ এমন এক সময়ে উদযাপিত হলো, যখন সাম্প্রতিক সংঘাতের অভিঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছে ইরান। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটির জনজীবনে গভীর প্রভাব পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক চাপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

তবে সব অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েও ধর্মীয় উৎসবের চেতনায় ঐক্য, ধৈর্য ও আশার বার্তা নিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ইরানের জনগণ।

সূত্র: তাসনিম নিউজ

Exit mobile version