parbattanews

রাঙামটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রমসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সকল প্রকার কার্যক্রম বন্ধ কর- পিসিপি

_MG_6599 copy

প্রেস বিজ্ঞপ্তি:

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে এবং একই দাবী নিয়ে ১০ জানুয়ারি, ২০১৫ রাঙ্গামাটি পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আহুত সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখা এক বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি জেমশন আমলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহনগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা, তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভকর চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভানেত্রী চঞ্চনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমূখ।

এছাড়াও গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), বাংলাদেশ গারো ছাত্র সমিতি (বাগাছাস), ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ), বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ( বিএমএসসি), আদিবাসী যুব পরিষদ, গানের দল মাদল প্রভৃতি সংগঠন আজকের এই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, “পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণের প্রবল আপত্তি সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং চুক্তি অনুযায়ী প্রণীত বিধিবিধানকে পাশ কাটিয়ে সরকার একতরফাভাবে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম অব্যাহত রেখেছে। অথচ পার্বত্য চট্টগ্রামে এখনও পর্যাপ্ত সংখ্যক সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও মানসম্মত শিক্ষক, অবকাঠামোগত সুবিধা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণাদির যথেষ্ট ঘাটতি রয়েছে। এমতাবস্থায় রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে কার্যত সরকার নতুন করে জুম্ম জনগণকে ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রই করছে। তাই উন্নয়নের নামে এই আগ্রাসনকে প্রতিরোধ করতেই হবে”।

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ১০ ই জানুয়ারি, রাঙ্গামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ নীতিগতভাবে পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে নয়, উচ্চ শিক্ষার বিরোধী নয়। আমরা নিশ্চয়ই চাই যে, পার্বত্য চট্টগ্রামেও শিক্ষার সামগ্রিক উন্নতি বিধান হোক, অত্রাঞ্চলের সকল স্তরের শিক্ষা ব্যবস্থা অধিকতর উন্নত করা হোক। কিন্তু পার্বত্য চট্টগ্রামের মৌলিক সমস্যা ও বাস্তবতাকে অবহেলা করে তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে পার্বত্য চট্টগ্রামে যে কোন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বা পদক্ষেপ গ্রহণ বাস্তবসম্মত হতে পারে না।”

Exit mobile version