রাঙামাটিতেও বইছে উৎসবের আমেজ


দীর্ঘ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকাসহ দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটিতেও বইছে উৎসবের আমেজ।
তারেক রহমানের এই মহাপ্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারাদেশ থেকে নেতাকর্মী-সমর্থকের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপির নেতা-কর্মীরা।
তারেক রহমান দেশে এসে রাজনীতির হাল ধরলে রাজনৈতিক প্রেক্ষাপট যেমন পরিবর্তন ঘটবে তেমনি দেশ এগিয়ে যাবে- এমনটা মন্তব্য করছেন রাঙামাটিবাসী।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করেন তিনি। স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন এই প্রথম।

















