আলমগীর মানিক,রাঙামাটি :
আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কর্মীরা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে দলটির সভাপতি প্রসীত বিকাশ খীসা ও ইউপিডিএফ নেতা সচীব চাকমার নামে তাদের পক্ষে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় পৌঁছলে নিশা চাকমা ও সবিনা তালুকদার নামে দুইজন মহিলার কাছ থেকে মনোয়নপত্র কেড়ে নেয় জেএসএস কর্মীরা। এসময় তারা দুইটি মোটর সাইকেল যোগে এসেছিলো বলে জানায় ইউপিডিএফ।
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা জানান, ১৮ দলের অবরোধের কারণে আমাদের মহিলা প্রতিনিধিরা মনোনয়ন পত্র সংগ্রহ করে পায়ে হেঁটে ফিরছিলো, এমন সময় শহরের দেবাশীষ নগর এলাকা অতিক্রম করার সময় দুইটি মোটর সাইকেলযোগে জেএসএসের কয়েকজন যুবক এসে মেয়েদেরকে পথরোধ করে। একপর্যায়ে তাদের কাছে রক্ষিত দুইটি মনোনয়নপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, আমি এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ওসি সাইফুল সাহেবকে ঘটনাটি জানিয়েছি।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম চৌধুরীর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, অপরিচিত একজন আমাকে মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছে তবে বিষয়টি পরিস্কার নয়। এদিকে ইউপিডিএফের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, রাজনৈতিকভাবে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে ইউপিডিএফ। জেএসএস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, সন্ত্রাসে নয়। ইউপি্ডিএফ পরিকল্পিতভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমাদের দলের বিরুদ্ধে বিভ্রান্তী ছড়াচ্ছে।
