রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন এনসিপির জেলা আহ্বায়ক বিপিন যথী চাকমাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে আরো আছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাস চাকমা ও এলডিপি নেতা কামালসহ অনেকেই।
গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার বিষয়ে শুক্রবার (১৫ মে) রাঙামাটি জেলা শিল্পকলা একামেডিতে এক সমন্বয় সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্যসচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, জয় বড়ুয়াসহ অনেকেই।
সভায় আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল, তাদের জায়গা এখানে হবে না।
গণঅধিকার পরিষদ পাহাড় থেকে সমতল সবার অধিকার নিশ্চিতে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে সবার পরিচয় হলো, আমরা এই দেশের নাগরিক। গণঅধিকার পরিষদ রাজপথ থেকে বেড়ে ওঠা দল। আমাদের কাছে জনগণের অধিকার বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে। সরকারের কাছে দাবি, তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করে।
দলটির উচ্চতর পরিষদের সদস্য সাবিক হোসাইন বলেন, আমরা বিএনপির সঙ্গে ২০২৩ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি। সেই জায়গা থেকে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল নির্বাচনে। জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, গণঅধিকার পরিষদ সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাজ করছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।
