রাঙামাটিতে ২০২৫ সেশন অর্থাৎ আগামী এক বছরের জন্য ছাত্রশিবিরের জেলা কমিটি গঠন করা হয়েছে।
জেলা কমিটিতে সভাপতি পদে শহিদুল ইসলাম শাফি এবং সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত এ দুই ছাত্র নেতা দ্রুত সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।
এদিকে কমিটি গঠনকালে চট্টগ্রাম মহানগর উত্তরের অফিস (আর-ইসরা) মিলনায়তনে ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সদস্য ও থানার দায়িত্বশীলদের নিয়ে জরুরি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন, শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা: উসামা রাইয়্যান। তিনি মনোনীত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান।
কমিটি গঠনকালে শিবিরের এ কেন্দ্রীয় এ নেতা দায়িত্বশীলদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতির নসিহা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
এরপর নব মনোনীত জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
এসময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, সংগঠনটির জেলার সাবেক সভাপতি শহিদুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
