রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
বুধবার ( ৮ জুলাই) প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কাপ্তাই উপজেলার বারঘোনিয়া, ফকিরাঘোনা ও মিতিঙ্গাছড়ি এলাকার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাছেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফরহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
