রাঙামাটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


রাঙামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর, সদস্য মিনহাজ মুর্শিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট-এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেওয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধীনে বিগত সময়ের নিয়োগ প্রমাণিত।
এ সময় নেতৃবৃন্দ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করে অবরোধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙামাটি সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি মওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটির সভাপতি মো. কামাল উদ্দিন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদের রাঙামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান।

















