parbattanews

রাঙামাটিতে বন্যায় কৃষির অর্ধকোটি টাকা ক্ষতি

রাঙামাটিতে এবারের বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। জেলার দুই হাজার ১০০ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।

কৃষি অফিসের তথ্য মতে, জেলার বাঘাইছড়ি, লংগদু এবং নানিয়ারচর উপজেলায় কৃষির বেশি ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বলেন, বন্যায় ১১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে আউশ, আমন, গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদসহ বেশকিছু ফসল।

রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, পানি কমতে শুরু করলেও জেলায় এখনো পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষ। ১০টি উপজেলায় ৯২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হলেও ৪৭ মেট্রিক টন বিতরণ করা সম্ভব হয়েছে।

এদিকে কাপ্তাই বাঁধ দিয়ে এখনো পানি ছাড়া অব্যাহত রাখা হয়েছে। কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, আজ ১৬টি জলকপাট দেড়ফুট করে খোলা রয়েছে। হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৮ ফুট মীনস সী লেভেল। হ্রদে যথেষ্ট পানি থাকায় বর্তমানে কেন্দ্রটি থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

Exit mobile version