রাঙামাটিতে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ


শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর বনরুপা মসজিদে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে পৌরসভা চত্ত্বর হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে বনরুপা পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ ছাত্র জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তারা এ ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান। বক্তারা আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, একজন হাদি মারা গেলে হাজার হাদি জন্ম নেবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদেরকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেন। তারা একই সঙ্গে হাদির হত্যাকারীদের বিচার না হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সামনের সারির একজন যোদ্ধা। জুলাই-পরবর্তী সময়ে এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।
শেষে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন।
এসময় বক্তব্য রাখেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী রোমান, তানিম ইবনে আলম,শরিফ,ইমাম হোসেন, রবিউল ইসলাম। সভার সঞ্চালনা করেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ছাওবান,
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শরিফ ওসমান হাদির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ ইমাম হোসেন কুতুবি।

















