রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর : জেলা পরিষদ চেয়ারম্যান


চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে অবশেষে ২১ নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের অধীন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এমন তথ্য জানান জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর থেকে আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের এখন একটাই দাবি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, যোগ্য এবং মেধাবীরা যেন পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় নিয়োগ পান এবং দেশ ও জাতি গঠনে সুযোগ পান।
সহকারী শিক্ষক চাকরি প্রত্যাশী কমলেন্দু চাকমা বলেন, আমাদের আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা করায় আমরা এখন আনন্দিত। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হোক, এটাই প্রত্যাশা করছি।
সহকারী শিক্ষক চাকরি প্রত্যাশী আলপনা আক্তার বলেন, আমরা আশাবাদী চেয়ারম্যান মহোদয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তারিখ ঘোষণা করেছেন এবং আমাদের এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কয়েকটি মহলের চাপে গত ১১ নভেম্বর পরীক্ষা স্থগিত ঘোষণা করে জেলা পরিষদ। এ ঘোষণার পর বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে চাকরি প্রত্যাশীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ এবং রাঙামাটি জেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
এসময় আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেওয়ার দাবিতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। তবে সেই সময় চেয়ারম্যান না থাকায় জেলা পরিষদের সদস্য মীনহাজ মুরশিদের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করে তারা।

















